EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দেশে চিহ্নিত নদী দখলদার প্রায় ২২ হাজার: নৌপরিবহনমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম

দেশে চিহ্নিত নদী দখলদার প্রায় ২২ হাজার: নৌপরিবহনমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

দেশে বর্তমানে মোট ১ হাজার ৪১৫টি নদী রয়েছে এবং সারা দেশে ২১ হাজার ৯৮৮ জন অবৈধ নদী দখলকারী চিহ্নিত হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে নদী দখল ও দূষণকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করতে জাতীয় নদী রক্ষা কমিশন আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তার লিখিত উত্তর উপস্থাপন করা হয়।

নৌপরিবহনমন্ত্রী বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, জাতীয় নদী রক্ষা কমিশন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে দেশের নদীগুলোর তালিকা প্রণয়ন করা হয়েছে। ওই তালিকা অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ১ হাজার ৪১৫টি নদী রয়েছে।

তিনি জানান, নদীর এই হালনাগাদ তালিকা ২০২৫ সালের ১৪ এপ্রিল পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং জাতীয় নদী রক্ষা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী ২০২৫ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ২১ হাজার ৯৮৮ জন অবৈধ নদী দখলকারী শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, চিহ্নিত দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের তালিকা যাচাই করে উচ্ছেদ পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিকল্পনা পাওয়ার পর পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

নদী রক্ষা কমিশনের সক্ষমতা বাড়ানোর বিষয়ে শেখ রবিউল আলম বলেন, জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩ সংশোধনের কাজ চলমান রয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে নদী দখল ও দূষণকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা, পৃথক নদী আদালত গঠন, দখলসংক্রান্ত অভিযোগ তদন্ত, দূষণের ক্ষতিপূরণ নির্ধারণ ও আদায় এবং সংশ্লিষ্ট মামলার তদারকির বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের নৌপথের নাব্যতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ নদীপথে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে শুষ্ক মৌসুমে দেশের নাব্য নৌপথের দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ২০০ কিলোমিটার, যা বর্ষা মৌসুমে বেড়ে প্রায় ৮ হাজার কিলোমিটারে পৌঁছে।

তিনি বলেন, নৌপথ সচল রাখা এবং নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সরকার ধারাবাহিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।

আরও পড়ুন