অনুমোদনহীন হজ এজেন্সির প্রচারণায় সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৫:০৯ পিএম
ছবি: সংগৃহীত
অনুমোদনবিহীন এজেন্সি, গ্রুপ বা কাফেলার মাধ্যমে পরিচালিত হজ কার্যক্রমের প্রচারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে সরকার অনুমোদিত ও তালিকাভুক্ত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে হজ-সংক্রান্ত আর্থিক লেনদেন না করার জন্যও অনুরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অনুমোদনবিহীন এজেন্সি, গ্রুপ বা কাফেলা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজ প্রচার করে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রলুব্ধ করার চেষ্টা করছে। অথচ সরকার অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হজ কার্যক্রম পরিচালনার অনুমতি নেই।
ধর্ম মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, অনুমোদনহীন কোনো এজেন্সি, ট্রাভেল এজেন্ট, গ্রুপ বা কাফেলার মাধ্যমে হজ পালন করা সম্ভব নয়। এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৭ সালের হজ প্যাকেজ ও হজ গাইডলাইন শিগগিরই প্রকাশ করা হবে। হজে গমনেচ্ছু ব্যক্তিদের সরকারি ঘোষিত প্যাকেজ ও নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় সকলকে সতর্ক থাকার এবং কেবলমাত্র তালিকাভুক্ত ও অনুমোদিত হজ এজেন্সির সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে।