মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের বাধা
ডেইলি সান রিপোর্ট, মেহেরপুর
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:৩১ পিএম
মেহেরপুরের সহড়াতলা সীমান্তে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি। ছবি: সংগৃহীত
মেহেরপুরের সহড়াতলা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে সেই পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের ১৪২/৫-এস সাব-পিলারসংলগ্ন শূন্যরেখা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ সাতজন ব্যক্তিকে সীমান্তের কাঁটাতারের কাছে নিয়ে এসে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। তবে তাদের পরিচয়, জাতীয়তা কিংবা কী কারণে সীমান্ত এলাকায় আনা হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা রোকনুজ্জামান বলেন, বুধবার মধ্যরাতের কোনো এক সময়ে ওই সাতজনকে ভারতের কাঁটাতার ঘেঁষা এলাকায় দেখা যায়। পরে তারা সীমান্ত এলাকায় ঘোরাফেরা করলে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানায়।
সীমান্তে পুশইনের চেষ্টা বেড়ে যাওয়ায় এলাকায় বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানান স্থানীয়রা।
বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, ভোরে বিএসএফ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। তবে বিজিবির কঠোর অবস্থান ও তৎপরতার কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
তিনি বলেন, “সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় নজরদারি বাড়ানো হয়েছে। পুশইন প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর এবং সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা অব্যাহত রয়েছে।”
সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের চেষ্টা নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার করেছে বিজিবি।