নিষিদ্ধ আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের বিক্ষোভ
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৭:১০ পিএম
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ, সিনিয়র সহসভাপতি সোহেল মিয়া, সহসভাপতি শামসুদ্দোহা, যুগ্ম সম্পাদক তফাজ্জুল হোসেন, মমিনুল হক কালারচান ও নুর আলম, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, দপ্তর সম্পাদক শাহ আলম, সহদপ্তর সম্পাদক সামরুল ইসলাম, আইন সম্পাদক অ্যাডভোকেট দবির, সহসমাজকল্যাণ সম্পাদক রিপন উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট স্বপনসহ অন্য নেতারা।
বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্নভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা বলেন, এসব অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে এবং কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।
তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো অপশক্তির কাছে তারা মাথানত করবে না বলেও মন্তব্য করেন বক্তারা।
এদিকে একই কর্মসূচির অংশ হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলও পৃথক বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে।