EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬তম সাধারণ সভা অনুষ্ঠিত

রাসায়নিক দ্রব্যের অবৈধ আমদানি ও অনলাইন ক্রয়-বিক্রয় রোধসহ সার্বিক নিরাপত্তা জোরদারে বিএনএসিডব্লিউসি চেয়ারম্যানের বিশেষ নির্দেশনা

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:১৯ পিএম

রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬তম সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এর ২৬তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনএসিডব্লিউসি’র চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান উক্ত সভায় সভাপতিত্ব করেন। দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং বাহিনীসমূহ হতে বিএনএসিডব্লিউসি’র সর্বমোট ৪৩ জন সামরিক ও অসামরিক সদস্য এই সভায় অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

সভায় আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র কনভেনশন ও রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬- এর বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। এর অংশ হিসেবে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সংক্রান্ত সকল কার্যক্রম এবং তফসিল বহির্ভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহকে দ্রুত বিএনএসিডব্লিউসি’র সাথে অনলাইনে নিবন্ধনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থা সুসংহতকরণের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়; যার মধ্যে রয়েছে দেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের অবৈধ আমদানি ও অনলাইন ক্রয়-বিক্রয় কঠোরভাবে প্রতিরোধ করা, রাসায়নিক দ্রব্য তালিকাভুক্তির বিষয়ে অজ্ঞতা ও সচেতনতার অভাব দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং তালিকাভুক্তির ফি পুনঃনির্ধারণ, সক্ষম ল্যাবরেটরির সংখ্যা বৃদ্ধি ও বিএনএসিডব্লিউসি সফটওয়্যার উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে কার্যকরী ভূমিকা রাখার তাগিদ।

দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থা সুসংহতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত রাসায়নিক দুর্ঘটনা মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে এই সভায়।

বিএনএসিডব্লিউসি’র চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান আমদানীকারক, ব্যবহারকারী, কাস্টমস ও আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে যার যার অবস্থান থেকে যথাযথ ও কার্যকরী ভূমিকা পালন করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন