নীলফামারীতে ভালো কাজের স্বীকৃতি পেলেন যারা
ডেইলি সান রিপোর্ট, নীলফামারী
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:৩১ পিএম
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তাদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে এ স্বীকৃতি দেন
নীলফামারীতে ভালো কাজের স্বীকৃতি পেলেন যারা। জেলায় নিজ নিজ কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় জেলা ও উপজেলা পর্যায়ের কয়েকজন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের প্রধানকে সম্মাননা প্রদান করা হয়েছে।
রবিবার (২১ জুন) জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তাদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে এ স্বীকৃতি দেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জাল দলিলের মাধ্যমে নামজারি আবেদনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের, জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ, অবৈধ মিনি পেট্রোল পাম্প বন্ধ এবং অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন রোধে ব্যাপক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সাফল্য অর্জনের জন্য সম্মাননা পান ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির।
এছাড়া বিশেষ অভিযানে ৩২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, হারানো মোবাইল ফোন উদ্ধার এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য স্বীকৃতি পেয়েছেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম।
অন্যদিকে, শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের ফলাফলের ধারাবাহিক উন্নতি, ব্যক্তিগত ও জেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন, খেলাধুলার উপকরণ সরবরাহ, নামাজঘর ও অজুখানা নির্মাণে অবদান রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. আফজালুর রহমান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান নামজারিসহ ভূমিসেবা কার্যক্রমের মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক উন্নয়ন এবং শিক্ষার গুণগত অগ্রযাত্রা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি বলেন, সরকারি সেবার মান বাড়াতে এবং জনসেবামুখী প্রশাসন গড়ে তুলতে কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়বদ্ধতার কোনো বিকল্প নেই। ভালো কাজের স্বীকৃতি অন্যদেরও উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।