EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:২১ পিএম

১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

অ অ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আয় হয়েছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যয় দাঁড়িয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন খাত থেকে রাজস্ব এসেছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।

সংসদে উপস্থাপিত তথ্যানুযায়ী, গত কয়েক অর্থবছর ধরেই বিটিভির আয় ও ব্যয়ের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে।

২০২০-২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, বিপরীতে ব্যয় হয় ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা।

২০২১-২২ অর্থবছরে আয় ছিল ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, আর ব্যয় ছিল ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা।

২০২২-২৩ অর্থবছরে বিটিভির আয় কমে দাঁড়ায় ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকায়, যেখানে ব্যয় হয় ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা।

২০২৩-২৪ অর্থবছরে আয় ছিল ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা এবং ব্যয় ছিল ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা।

অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরে বিটিভির আয় হয় ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা, আর ব্যয় দাঁড়ায় ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকায়।

এদিকে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫৯টি টেলিভিশন চ্যানেল, এক হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকা এবং ৪৭৪টি নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল রয়েছে।

তিনি জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেলের সংখ্যা চারটি এবং অনাপত্তিপ্রাপ্ত বেসরকারি টিভি চ্যানেল রয়েছে ৫৫টি। বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন চারটিসহ মোট ৩৯টি টেলিভিশন চ্যানেল সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তথ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে প্রকাশিত দৈনিক পত্রিকার মধ্যে ৫৯৩টি ঢাকা থেকে এবং ৮৪৩টি দেশের অন্যান্য জেলা থেকে প্রকাশিত হচ্ছে।

নিবন্ধিত ৪৭৪টি অনলাইন নিউজ পোর্টালের মধ্যে ২৮২টি স্বতন্ত্র অনলাইন নিউজ পোর্টাল, ১৩১টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ এবং ৬১টি আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল।

আরও পড়ুন