জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে এক কিশোর আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৪৮ পিএম
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে আখাউড়ার সাবিদুল ইসলাম সিয়াম নামে এক কিশোরকে আটক করা হয়েছে।
রবিবার (২১ জুন) দিবাগত রাতে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে সদর উপজেলায় তার খালার বাড়ি থেকে সিয়ামকে আটক করে আখাউড়া থানা পুলিশ।
আটককৃত সাবিদুল ইসলাম সিয়াম আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আজমপুর গ্রামের শাহনেওয়াজ মিয়ার ছেলে। সে একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা যায়, ফেসবুকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্টের বিষয়ে অভিযোগ পাওয়ার পর। পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে শনাক্ত করে। পরে রবিবার দিবাগত রাতে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে। এরপর সদর উপজেলার উত্তর জগৎসার এলাকায় তার খালার বাড়িতে অভিযান চালিয়ে সিয়ামকে আটক করা হয়। আটকৃতের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রক্রিয়া চলছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, ছাত্রদল নেতাদের অভিযোগের ভিত্তিতে আমরা তাকে আটক করেছি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সাইবার অপরাধের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।