EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:২৮ পিএম

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ছবি: সংগৃহীত

অ অ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক সংসদ সদস্য ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২১ জুন) ঢাকা মহানগর দায়রা স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানিতে দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিলের আবেদন জানায়। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের অভিযোগ, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় সরকারি ক্ষমতার অপব্যবহার করে নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে।

অভিযোগে বলা হয়, শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন ধাপে অতিরিক্ত ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আদায় করা হয়েছে।

এ ছাড়া ওই অর্থ বিভিন্ন উপায়ে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে পাচারের অভিযোগও আনা হয়েছে। এ ঘটনায় দুর্নীতি দমন আইন, দণ্ডবিধি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হলে তিনি কারাগারে ছিলেন।

আরও পড়ুন