EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নারীর ক্ষমতায়ন এগিয়ে নিতে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:৩৬ এএম

নারীর ক্ষমতায়ন এগিয়ে নিতে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ
অ অ

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে  ইউএন উইমেনের সঙ্গে আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৯ জুন) নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস-এর সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারীর ক্ষমতায়নে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র উদ্যোগে দেশে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি স্মরণ করেন।

তিনি জানান, বর্তমান সরকারের অধীনে মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা, প্রজনন ও মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণসহ নারীর ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা প্রতিষ্ঠায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচনে অভিনন্দন জানান।

এ সময় নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ইউএন উইমেনের আগ্রহ পুনর্ব্যক্ত করেন তিনি।

শান্তি প্রতিষ্ঠা এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারীদের গুরুত্বপূর্ণ অবদানেরও ভূয়সী প্রশংসা করেন সিমা বাহাউস।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কর্মসূচিতে অর্থায়নের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি। একই সঙ্গে তিনি রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমার-এ দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন