EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দুর্নীতি প্রতিরোধে ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নে কঠোর সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ময়মনসিংহ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:০৬ এএম

দুর্নীতি প্রতিরোধে ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নে কঠোর সরকার: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: সংগৃহীত

অ অ

দুর্নীতি প্রতিরোধে ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেছেন, কোনো রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে কাউকে দুর্নীতি করার সুযোগ দেওয়া হবে না। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে জিআর চাল, দুস্থদের মাঝে ঢেউটিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের সামনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য তুলে ধরা হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে।

তিনি বলেন, সমাজ থেকে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে। আগে মানুষ একে অপরকে সম্মান করত, বড়দের প্রতি শ্রদ্ধা দেখাত। এখন সেই সংস্কৃতি ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

ইয়াসের খান চৌধুরী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মিথ্যা তথ্য ও অপপ্রচার রোধে কাজ করছে। পাশাপাশি শিশু ও তরুণদের মধ্যে মানবিক আচরণ ও সামাজিক মূল্যবোধ বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আগে পরিচিত ব্যক্তি বা রাজনৈতিক বিবেচনায় অনেক ক্ষেত্রে সহায়তা দেওয়া হতো। এখন প্রকৃত প্রাপ্য ব্যক্তিরাই সরকারি সহায়তা পাবেন। উন্নয়ন কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, সড়কসহ বিভিন্ন উন্নয়ন কাজে অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করা হবে। কোনো কাজ পেতে কাউকে কমিশন দিতে হবে না, চাঁদাবাজিও সহ্য করা হবে না। সরকারের উন্নয়ন কার্যক্রম সফল করতে জনগণকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

নান্দাইলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এজন্য সন্ত্রাস ও মাদকমুক্ত নান্দাইল গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা।

এর আগে তথ্য প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের সামনে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করেন। পরে পৌরসভার আমোদাবাদ মহল্লার একটি সড়কে তালগাছ রোপণ করেন।

আরও পড়ুন