মীর শাহে আলমকে ঘিরে অপতথ্য প্রচারে সতর্কবার্তা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৩২ এএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত অপতথ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তার নাম ব্যবহার করে বা তার পক্ষে দাবি করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন নিজ উদ্যোগে মামলা, বিবৃতি কিংবা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, সে বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ জুন) প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, প্রতিমন্ত্রীর অনুমোদন বা নির্দেশনা ছাড়া তার নাম ব্যবহার করে পরিচালিত যেকোনো কর্মকাণ্ডের দায় তিনি বা তার কার্যালয় বহন করবে না।
এতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু গণমাধ্যমে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ঘিরে বিভিন্ন তথ্য প্রচারিত হয়েছে। এর মধ্যে অনেক তথ্যই বিভ্রান্তিকর ও যাচাইবিহীন। এসব অপতথ্য জনমনে বিভ্রান্তি তৈরি করছে এবং অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে।
বিবৃতিতে বলা হয়, দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে অপতথ্য ও বিভ্রান্তি কমানো সম্ভব। তাই মীর শাহে আলম সম্পর্কে কোনো তথ্য প্রকাশের আগে তা নিরপেক্ষভাবে যাচাই করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এদিকে সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর চারজনকে ঘিরে আলোচিত ঘটনার প্রসঙ্গও বিবৃতিতে তুলে ধরা হয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষ আলোচনার মাধ্যমে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাবে।
বিবৃতিতে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের দ্রুত মুক্তি কামনা করেছেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মামলার বাদীও একজন সাংবাদিক এবং বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ।
ঘটনাটিকে কেন্দ্র করে সাংবাদিক সমাজের মধ্যে বিভাজন, ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না করে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রতিমন্ত্রীর কার্যালয় জানায়, গণতান্ত্রিক পরিবেশে মতপ্রকাশের স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তথ্যের সত্যতা নিশ্চিত করাও সমান প্রয়োজন। তাই সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ এবং আইনসম্মত প্রক্রিয়া অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।