সংসদে মাইক্রোওভেন-ওয়াশিং মেশিন বিতর্ক: পার্থের বক্তব্যের প্রতিবাদ বিরোধীদলীয় নেতার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৪৭ পিএম
সংসদ সদস্যদের সরকারি বাসভবনে মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন ও পর্দার ব্যবস্থা করার দাবি ঘিরে জাতীয় সংসদে বিতর্কের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যের উত্থাপিত এ দাবিকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, সংসদ সদস্যদের দায়িত্ব জনগণের সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরা। মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন ও পর্দার মতো বিষয় সংসদে উত্থাপন করা সংসদের মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
তিনি বলেন, এ ধরনের বক্তব্য সংসদ ও সংসদ সদস্যদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। সংশ্লিষ্ট সংসদ সদস্যের ব্যক্তিগতভাবে মাইক্রোওভেনের প্রয়োজন হলে তিনি সেটি দিতে প্রস্তুত বলেও মন্তব্য করেন পার্থ। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর প্রতি ওয়াশিং মেশিনের ব্যবস্থা করার অনুরোধ জানান।
পার্থের বক্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য ব্যক্তিগত প্রয়োজনে নয়, সংসদের সরকারি বাসভবনে বসবাসকারী সব সদস্যের জন্য বিষয়টি উত্থাপন করেছেন।
তিনি বলেন, ‘কেউ তাঁর কাছে কিছু চাননি। সংসদে এমন বক্তব্য দেওয়া উচিত নয়, যা অন্য কোনো সদস্যের সম্মানে আঘাত হানে।’
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিয়ে আর বিতর্ক না করার আহ্বান জানান।
স্পিকার বলেন, সংসদ সদস্যদের আবাসনসংক্রান্ত সুবিধা দেখভালের জন্য ‘হাউস কমিটি’ রয়েছে। প্রয়োজনীয় বিষয় সেখানে উত্থাপন করা যেতে পারে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সদস্য নিজের জন্য নয়, সংসদের সরকারি বাসভবনে থাকা সব সদস্যের জন্য বিষয়টি তুলেছেন। যদিও এ ধরনের বিষয় সংসদে না বললেই ভালো হতো, কারণ এতে জনমনে ভিন্ন ধারণার সৃষ্টি হতে পারে।
স্পিকার সদস্যদের ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘এটি নিয়ে আর কোনো বিতর্ক হোক, তা আমি চাই না।’