লক্ষ্মীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে রামগতিতে আনন্দ মিছিল
কেন্দ্রীয় যুবদল কর্তৃক লক্ষ্মীপুর জেলা কমিটি অনুমোদনের পর বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে আলেকজান্ডার বাজারে মিছিল ও সমাবেশ
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত লক্ষ্মীপুর জেলা কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা যুবদল।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলা সদর আলেকজান্ডার বাজারে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
গত ১৭ জুন আব্দুল আলীম হুমায়ুনকে সভাপতি এবং সৈয়দ রশিদুল হাসান লিংকনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট লক্ষ্মীপুর জেলা যুবদলের নতুন কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবদল।
নতুন এই কমিটিতে রামগতি উপজেলা ও পৌর যুবদলের একাধিক শীর্ষ নেতা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। এর মধ্যে রামগতি উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমান ও রামগতি পৌরসভা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম মাস্টারকে সহ-সভাপতি পদ দেওয়া হয়েছে। এছাড়া শাহ মো. শিব্বিরকে যুগ্ম সাধারণ সম্পাদক, মাহবুবুর রহমান কবিরকে সহ-সাধারণ সম্পাদক, জমির আলী মাস্টারকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং সদস্য পদে আলম হাওলাদার ও মির্জা নোমানের নাম ঘোষণা করা হয়েছে।