EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুন্দরবনে দস্যুতা ও পাচার রোধে কোস্ট গার্ডের কঠোর বার্তা

সুন্দরবনে দস্যুদের ঘাঁটি ধ্বংসের জেরে কোস্ট গার্ড স্টেশনে হামলা; জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মহাপরিচালকের

ডেইলি সান রিপোর্ট, খুলনা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:৪৬ পিএম

সুন্দরবনে দস্যুতা ও পাচার রোধে কোস্ট গার্ডের কঠোর বার্তা

ছবি: সংগৃহীত

অ অ

সুন্দরবনে বনদস্যুতা দমন, মাদক ও মানব পাচার রোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় অবস্থানে রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সুন্দরবনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক।

কোস্ট গার্ড মহাপরিচালক জানান, দেশের সামুদ্রিক সম্পদ রক্ষা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধ এবং দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড কাজ করে যাচ্ছে। বিশেষ করে সুন্দরবন অঞ্চলে সম্পূর্ণভাবে বনদস্যুতা দমনে সরকারের দিকনির্দেশনায় কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধারাবাহিক অভিযানের ফলেই সুন্দরবনের চিহ্নিত ডাকাত ‘ছোট সুমন’ ও তার সহযোগীরা সম্প্রতি কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এছাড়া, মোংলার জয়মনির ঘোল এলাকায় কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়া স্থাপনের ফলে দস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

মহাপরিচালক সম্প্রতি সুন্দরবনের জয়মনির ঘোল এলাকায় কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়াতে একদল দুর্বৃত্ত কর্তৃক হামলা ও ভাঙচুরের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত একটি বাহিনীর স্থাপনায় হামলা কেবল সরকারি সম্পদের ক্ষতিই নয়, বরং সুন্দরবনের নিরাপত্তা ব্যবস্থা এবং অপরাধ দমন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা।’ এই ঘটনার পরপরই জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সুন্দরবনের নিরাপত্তা ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগণের সহযোগিতা চেয়ে তিনি যেকোনো অপরাধমূলক তথ্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১- এ অবহিত করার আহ্বান জানান। উপকূলীয় এবং সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় কোস্ট গার্ড সর্বদা অঙ্গীকারবদ্ধ বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন