নবায়নযোগ্য জ্বালানিতে বাজেট প্রণোদনা, টেকসই ভবিষ্যতের জন্য চাই সুস্পষ্ট রোডম্যাপ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:০৮ পিএম
জাতীয় বাজেট ২০২৬–২০২৭-এ নবায়নযোগ্য জ্বালানি খাতে ঘোষিত প্রণোদনাকে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন তারা।
পরিবেশ ও জলবায়ুবিষয়ক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, নীতিগত সহায়তা সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হবে।
প্রধান অতিথি বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, নবায়নযোগ্য জ্বালানি এখন কেবল পরিবেশ নয়, অর্থনীতি ও রপ্তানি সক্ষমতার সঙ্গেও সরাসরি যুক্ত। ২০৩০ সালের মধ্যে ৭ হাজার মেগাওয়াট লক্ষ্য অর্জনে সমন্বিত পরিকল্পনা জরুরি।
মূল প্রবন্ধে জানানো হয়, বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ মাত্র ২.৩ শতাংশ, আর আমদানিনির্ভরতা বেড়ে ৬২.৫ শতাংশে পৌঁছেছে। বাজেটে শুল্ক ও কর ছাড় রুফটপ সোলারের প্রসারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে উল্লেখ করা হয়।
বক্তারা বলেন, দীর্ঘমেয়াদি নীতি, বিনিয়োগবান্ধব পরিবেশ, প্রযুক্তি উন্নয়ন ও ব্যাটারি স্টোরেজ ব্যবস্থা ছাড়া টেকসই জ্বালানি রূপান্তর সম্ভব নয়।