ভবিষ্যতে মহামারি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:২৪ পিএম
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। ছবি: সংগৃহীত
ভবিষ্যতে দেশে মহামারি ও সংক্রামক রোগ মোকাবিলায় সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ বাজেটের মধ্যেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতের যেকোনো স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। মহামারি প্রতিরোধ ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।
দেশে নার্স ও মিডওয়াইফের সংকট রয়েছে উল্লেখ করে ডা. এম এ মুহিত বলেন, শুধু চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য খাত এগিয়ে নেওয়া সম্ভব নয়। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে পর্যাপ্ত নার্স ও মিডওয়াইফ প্রয়োজন।
তিনি বলেন, দেশে বর্তমানে যে সংখ্যক নার্স ও মিডওয়াইফ রয়েছেন, তা আরও ৩ থেকে ৫ শতাংশ বাড়ানো প্রয়োজন।
স্বাস্থ্য খাতে জনবল সংকটের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৮০ শতাংশ চিকিৎসক শহর এলাকায় অবস্থান করছেন, অথচ দেশের ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন। ফলে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়নি যে বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স বিদেশে পাঠানো সম্ভব হবে। আগে দেশের অভ্যন্তরে স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা পূরণ করাই গুরুত্বপূর্ণ।