স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:১১ পিএম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত
বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, সেই দায়বদ্ধতা থেকেই সরকার স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে কাজ করছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকারসহ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই ভুলের ঊর্ধ্বে নয়। তাই গণমাধ্যমকে দায়িত্বশীল ও গঠনমূলকভাবে ভুলত্রুটি তুলে ধরতে হবে। এতে রাষ্ট্র ও সমাজের উন্নয়ন ত্বরান্বিত হবে।
তিনি বলেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়েই সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে। গণমাধ্যম খাতের বিভিন্ন অংশীজনকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক সাড়া পেয়েছে। এর সুদূরপ্রসারী প্রভাব দেশের গণমাধ্যম অঙ্গনে পড়বে এবং এটি গণমাধ্যমের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার সমন্বয়কের ভূমিকা পালন করবে। এ লক্ষ্য অর্জনে গণমাধ্যমসংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে একটি কার্যকর পথরেখা তৈরি করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের এ উদ্যোগ দেশের গণমাধ্যমকে আরও স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।