EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিয়ে স্পিকারের সঙ্গে জাতিসংঘ নারী সংস্থার বৈঠক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:২৯ এএম

নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিয়ে স্পিকারের সঙ্গে জাতিসংঘ নারী সংস্থার বৈঠক
অ অ

নারীর অধিকার, ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা এগিয়ে নেওয়ার লক্ষ্যে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জাতীয় সংসদে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নবিষয়ক আন্তঃদলীয় ফোরাম গঠন, নারীর রাজনৈতিক নেতৃত্ব বিকাশ, নারীপ্রধান পরিবারের সহায়তা বৃদ্ধি এবং নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধের বিষয়গুলো গুরুত্ব পায়।

বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ান উপস্থিত ছিলেন।

বৈঠকে নারীর অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং জেন্ডার সমতা ত্বরান্বিত করার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জাতীয় সংসদে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নবিষয়ক একটি আন্তঃদলীয় সংসদীয় ফোরাম গঠনের বিষয়েও মতবিনিময় করা হয়।

আলোচনায় তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নারীর রাজনৈতিক নেতৃত্ব বিকাশ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করতে নারীর কার্যকর অংশগ্রহণ অপরিহার্য।

বৈঠকে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীপ্রধান পরিবারগুলোর সহায়তা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ পরিবারের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের অপরাধ মোকাবিলায় নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী সংস্থা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বিত সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে জেন্ডার সমতা প্রতিষ্ঠা, নারীর নেতৃত্ব বিকাশ এবং নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ ও সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদ ও জাতিসংঘ নারী সংস্থার সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়। 

আরও পড়ুন