কসবায় আইন-শৃঙ্খলা ও বাল্যবিবাহ প্রতিরোধে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
ডেইলি সান রিপোর্ট, কসবা
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:৩০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির এবং কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা।
মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কসবা উপজেলা বিএনপির সহসভাপতি ইকলিল আজম, উপজেলা জামায়াতের নায়েবে আমির পীরজাদা শিবলী নোমানী, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া ও সদস্যসচিব জিয়াউল হুদা শিপনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। বাল্যবিবাহ, মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে তথ্য যাচাই করে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক বলেন, নিরাপদ, সচেতন ও উন্নত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরে জেলা প্রশাসক সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ করেন। এছাড়া উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন, কৃষি উপকরণ এবং ওয়াটার পিউরিফায়ার বিতরণ করা হয়।