নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের ‘আপত্তিকর’ বক্তব্য, ‘এক্সপাঞ্জ’ করলেন স্পিকার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:৪৪ পিএম
জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় নারী সংসদ সদস্যদের পোশাক ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তার বক্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে ডেপুটি স্পিকার বিতর্কিত অংশ সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়ার নির্দেশ দেন।
রবিবার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনের বৈঠকে এ ঘটনা ঘটে। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বাজেট আলোচনায় অংশ নিয়ে মনিরুল হক চৌধুরী বিরোধী দল জামায়াতে ইসলামীর সমালোচনা করেন। বক্তব্যের একপর্যায়ে তিনি অতীতের একটি ব্যক্তিগত ঘটনার প্রসঙ্গ টেনে নারী সংসদ সদস্যদের পোশাক ও পর্দা নিয়ে মন্তব্য করেন। তাঁর এ বক্তব্যের পরপরই সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
সংসদ সদস্যরা নিজ নিজ আসন থেকে প্রতিবাদ জানালে অধিবেশন কক্ষে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ডেপুটি স্পিকার হস্তক্ষেপ করেন এবং সংসদের শালীনতা ও মর্যাদা বজায় রাখার আহ্বান জানান।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আমরা সবাই জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। নিজেদের শালীনতা ও মর্যাদা বজায় রাখতে না পারলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। এই মহান সংসদ কারও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মন্তব্য করার জায়গা নয়।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি মনিরুল হক চৌধুরীর বক্তব্যের বিতর্কিত অংশ সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন।
পরে সমালোচনার মুখে মনিরুল হক চৌধুরী দুঃখ প্রকাশ করে বলেন, তাঁর বক্তব্যের কোনো অংশে কারও আত্মসম্মানে আঘাত লেগে থাকলে তিনি তা প্রত্যাহার করতে চান।
এর আগে বাজেট আলোচনায় তিনি বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি কুমিল্লা-ঢাকা রেললাইন প্রকল্প এবং সিলেট-নোয়াখালীর মধ্যে যোগাযোগব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান।
তবে নারী সংসদ সদস্যদের নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কই শেষ পর্যন্ত দিনের সংসদীয় কার্যক্রমে সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হয়। ঘটনাটি সংসদের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।