নাজমুল আহসান কলিমুল্লাহর জামিন মঞ্জুর, মুক্তিতে আইনি বাধা নেই
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:০৭ পিএম
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে বর্তমানে অন্য কোনো মামলা না থাকায় মুক্তিতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রবিবার (১৪ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
অধ্যাপক কলিমুল্লাহর পক্ষে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইকোর্ট তাঁকে জামিন প্রদান করেছেন। তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় আপাতত কারামুক্তিতে কোনো আইনগত বাধা নেই।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. ফজলুর রহমান, এ এম মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মামুন মাহবুব এবং আইনজীবী কাজী আহসান হাবিব। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খান মো. মইনুল হাসান লিপন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
উল্লেখ্য, গত বছরের ৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
দুদকের মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি বিচারিক প্রক্রিয়ার মধ্যে ছিলেন। সর্বশেষ হাইকোর্টের এ জামিন আদেশের ফলে তাঁর মুক্তির পথ উন্মুক্ত হয়েছে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।