বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ, শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:৪০ পিএম
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীতে সুবিধাবঞ্চিত ও অধিকারবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে শিশু অধিকার বাস্তবায়ন সংস্থা। বৃহস্পতিবার (১২ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে শিশুশ্রমের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, শিশুদের জন্য নিরাপদ, সুন্দর ও মর্যাদাপূর্ণ শৈশব নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যেই বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিশু অধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান মাহবুবা রহমান কাকলী, ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, মহাসচিব রায়হান আল মুঘনি, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাদা শাহাদাত, সদস্য ডলি রহমান, আবু খালেদ, মোস্তাকিম বিল্লাহ, কাজী শারমিন ইসলাম মেধা, মীম আক্তার, আশরাফুল ইসলাম, ফাইজুর রহমান, মিজানুর রহমানসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা।
এ সময় সংস্থার নেতারা বলেন, “শিশুরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের শৈশব যেন শ্রমের কঠিন বোঝার নিচে চাপা না পড়ে, তা নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রতিটি শিশুর শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নিরাপদ শৈশব নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”
তারা আরও বলেন, শিশুশ্রম শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি শিশুদের মৌলিক অধিকার হরণেরও শামিল। শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং দরিদ্র পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আয়োজকরা জানান, শিশু অধিকার বাস্তবায়ন সংস্থা ভবিষ্যতেও শিশু অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা সহায়তা, সচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।
উল্লেখ্য, ‘শিশুশ্রম নয়, শিক্ষা হোক প্রতিটি শিশুর অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন নানা কর্মসূচি আয়োজন করে।