হজযাত্রীর লাগেজ নিয়ে বিরোধ, কসবায় সংঘর্ষে আহত ১০
ক্ষুব্ধ স্বজনরা হজ এজেন্সির কার্যালয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ রয়েছে
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৪:১৮ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর সৌদি আরবে ফেলে আসা লাগেজকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলা সদরের কদমতলী এলাকায় স্থানীয় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে সৌদি আরবে হজ পালন করতে যান। দেশে ফেরার সময় তার একটি লাগেজ সেখানে রয়ে যায়। লাগেজটি ফেরত আনার বিষয়ে গত বৃহস্পতিবার পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করলে এজেন্সি কর্তৃপক্ষ জানায়, লাগেজ হারানোর দায় হজযাত্রীর নিজের। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ স্বজনরা হজ এজেন্সির কার্যালয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ রয়েছে।
এর জের ধরে শনিবার সকালে কদমতলী এলাকায় দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ‘হজযাত্রীর লাগেজ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’