বগুড়া প্রেসক্লাবে এক কোটি টাকা অনুদানের ঘোষণা প্রতিমন্ত্রী শাহে আলমের
ডেইলি সান রিপোর্ট, বগুড়া
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
বগুড়া প্রেসক্লাব ভবনের উন্নয়নে এক কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, এই টাকা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে সিটি করপোরেশন দরপত্রের মাধ্যমে নতুন ভবনটি ব্যবহারের উপযোগী করে তুলবে।
সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে মীর শাহে আলম বলেন, ‘বিএনপি সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে। তবে স্বাধীনতা মানে অহেতুক কারও সম্মানহানি করা নয়। সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে।’
প্রধানমন্ত্রীর গ্রামের বাড়ির সড়ক নিয়ে সাম্প্রতিক একটি সংবাদকে তিনি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।
বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, জেলায় শুধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়, একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি চূড়ান্ত করেছে। খুব দ্রুতই ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন’ সংসদে পাস হবে।
তিনি আরও জানান, নবগঠিত বগুড়া সিটি করপোরেশনে দ্রুত সব জনবল নিয়োগ দেওয়া হবে। এছাড়া ঢাকা ও চট্টগ্রামের মতো এখানে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ এবং ওয়াসা গঠন করা হবে।
বগুড়া বিমানবন্দর নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি দেশের পঞ্চম আন্তর্জাতিক বিমানবন্দর হতে যাচ্ছে। এখানে বিমানঘাঁটি, পাইলট প্রশিক্ষণ কেন্দ্র ও কার্গো বিমানবন্দর থাকবে। চলতি বছরের শেষ দিকে এর কাজ দৃশ্যমান হতে পারে।
এ ছাড়া সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ-বগুড়া ডুয়েলগেজ রেলপথ নির্মাণ এবং আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে তিনি জানান। বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের জন্য ২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন।