চাকরির পেছনে না ঘুরে দক্ষ উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর
দিনাজপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন, ৪৯ জনকে আর্থিক অনুদান
ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৪:০৭ পিএম
ছবি: সংগৃহীত
চাকরির পেছনে না ঘুরে নিজেকে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এ.জেডএম জাহিদ হোসেন এমপি।
তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে না পারলে দেশ এগিয়ে যাবে না। তাই প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী হতে হবে।
শুক্রবার (১২ জুন) দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্স ‘তিথিডোর’ হলরুমে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় দিনাজপুর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ৪৯ জন উপকারভোগীর হাতে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেন। এছাড়া ২৫ জন প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশ নিচ্ছেন।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম এবং বিভাগীয় সমাজসেবা কার্যালয় রংপুরের পরিচালক মোছা. জিলুফা সুলতানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বখতিয়ার আহমেদ কচি এবং সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন ও শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান, জেলা বিএনপির নেতৃবৃন্দ, প্রশিক্ষণার্থী, সাংবাদিক এবং সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।