বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:০২ এএম
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করেছেন -পিআইডি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ বিজ্ঞান মেলার উদ্বোধন করেছেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান। গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল প্রাঙ্গণে নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, সৌদি আরবের মরুভূমিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিম গাছ রোপণের উদ্যোগ নিয়েছিলেন। যা আজও হাজিদের রৌদ্রের তাপ থেকে স্বস্তি দিচ্ছে। তিনি বলেন, বৃক্ষরোপণকে শুধু একটি প্রচলিত কর্মসূচি হিসেবে দেখলে হবে না, এটিকে জনগণের অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের ‘সবুজ বিপ্লবে’ রূপান্তর করতে হবে। এ লক্ষ্য অর্জনে সবুজ স্বেচ্ছাসেবা, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ এবং পরিবেশভিত্তিক স্টার্টআপ তহবিল গঠনের প্রস্তাব দেন। তিনি আরও বলেন, বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবন ও মেধার সঠিক প্রয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। শিক্ষক-শিক্ষার্থী ও তরুণ গবেষকদের উদ্ভাবনী চিন্তা দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান দিতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে এবং জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জেডআরএফের পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন ও কৃষিবিদ বয়জার রহমান। উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একই দিন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।