EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ডেইলি সান রিপোর্ট, টাঙ্গাইল

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:৫২ পিএম

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক
অ অ

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। গত ৩ জুন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়। বিষয়টি সোমবার (৮ জুন) প্রকাশ করা হয়েছে।

শরীফা হক টাঙ্গাইল জেলার ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক। ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে সততা, দক্ষতা এবং জনমুখী প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে তিনি জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

স্বীকৃতির জন্য প্রণীত প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, একটি সফল ও সর্বজনগ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি জেলার প্রাথমিক শিক্ষার উন্নয়নেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।

শিশু কল্যাণে তার আন্তরিকতা এবং শিক্ষার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে বলেও প্রশংসাপত্রে উল্লেখ করা হয়।

শ্রেষ্ঠ জেলা প্রশাসকের স্বীকৃতি পাওয়ার পর এক বার্তায় শরীফা হক বলেন, সরকারি সেবা এমনভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যাতে জনগণ অনুভব করে যে রাষ্ট্র তাদের পাশে রয়েছে।

তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রশাসনিক দক্ষতা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা টাঙ্গাইল জেলা প্রশাসনের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুন