স্পারসো পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা
নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি জোরদারের নির্দেশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:১৬ পিএম
বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি জোরদারসহ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রযুক্তিকে জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা এবং উন্নয়ন কর্মকাণ্ডে আরও কার্যকরভাবে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
সোমবার (৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।
প্রতিরক্ষা উপদেষ্টা স্পারসো কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন এবং স্পারসোর চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. রাশিদুল ইসলাম। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি স্পারসোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে চলমান গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন। বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বে মহাকাশ গবেষণা ও রিমোট সেন্সিং প্রযুক্তির সঙ্গে প্রতিরক্ষা ব্যবস্থার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে এসব প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি দেশের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তুতি দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে সীমান্ত পর্যবেক্ষণ, কৌশলগত মানচিত্র প্রণয়ন (স্ট্র্যাটেজিক ম্যাপিং) এবং ভূ-স্থানিক বুদ্ধিমত্তা (জিওস্পেশাল ইন্টেলিজেন্স) উন্নয়নে স্পারসোর ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিরক্ষা উপদেষ্টা স্পারসোর সংগৃহীত স্যাটেলাইট ডেটা ও গবেষণালব্ধ তথ্য বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর বিভিন্ন অপারেশনাল ও গবেষণামূলক কাজে দ্রুত ও সহজে ব্যবহারের ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।
তিনি স্যাটেলাইট ইমেজ প্রসেসিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং রিমোট সেন্সিংয়ের অত্যাধুনিক প্রযুক্তি স্পারসোতে সংযোজনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কারিগরি সক্ষমতা ও মানবসম্পদ উন্নয়নের ওপরও গুরুত্ব দেন।
বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাস্তবতার কথা উল্লেখ করে তিনি বলেন, ঘূর্ণিঝড়, বন্যা ও খরাসহ বিভিন্ন দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রদান এবং ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়নে দূর অনুধাবন প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণ করতে হবে।
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে ফসলের অবস্থা, মাটির আর্দ্রতা, বনাঞ্চল এবং পানিসম্পদ পর্যবেক্ষণ জোরদার করে সরকারকে নির্ভরযোগ্য তথ্য সরবরাহের নির্দেশনাও দেন তিনি। পাশাপাশি স্পারসোর ডেটা ও তথ্যভান্ডার সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনের শেষে স্পারসোর সার্বিক কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান, যা জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন কর্মকাণ্ডে আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।