আমিনবাজার ও আশুলিয়া ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী, উঠে এলো অনিয়মের চিত্র
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:০০ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকার সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। সোমবার (৮ জুন) সকালে তিনি কার্যালয়গুলো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, নাগরিক সেবার মান এবং প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনায় একাধিক অনিয়ম ও দায়িত্বে অবহেলার চিত্র উঠে আসে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসাইন খান কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তিনি প্রতিমন্ত্রীর আগমনের প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর অফিসে উপস্থিত হন। এছাড়া মোট আটজন কর্মকর্তার মধ্যে নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন মাত্র দুজন—একজন সার্ভেয়ার ও একজন নামজারি সহকারী।
প্রতিমন্ত্রী অফিসে অবস্থানকালে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে কথা বলেন। তারা অভিযোগ করেন, বিভিন্ন সেবা নিতে বারবার অফিসে আসতে হলেও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না, ফলে দীর্ঘসূত্রতা ও ভোগান্তি বাড়ছে।
এ সময় তিনি নাগরিক সেবায় এ ধরনের গাফিলতিতে অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। উপস্থিতি যাচাইয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার নির্দেশও দেওয়া হয়।
পরিদর্শনে তথ্যকেন্দ্র-কাম-হেল্প ডেস্ক ঘুরে দেখে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী। তবে রেকর্ড কিপিং ও ডেটা এন্ট্রি ইউনিটে তুলনামূলকভাবে সন্তোষজনক চিত্র পাওয়া যায় বলে জানা গেছে।
কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে সার্ভারজনিত সমস্যার কারণে মিউটেশন (নামজারি) কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
তিনি তথ্যকেন্দ্রকে আরও কার্যকর ও জনবান্ধব করতে প্রয়োজনীয় জনবল নিয়োগের নির্দেশ দেন। প্রতিমন্ত্রী বলেন, শুধু অফিসে উপস্থিত থাকাই যথেষ্ট নয়, নাগরিকদের দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করাই প্রশাসনের মূল দায়িত্ব।
পরিদর্শন শেষে তিনি ভূমি সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনগণের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।