ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে বিশেষ অভিযান শুরু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৪:১৩ পিএম
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাজধানীসহ সারা দেশে তিন মাসব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানের অংশ হিসেবে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৬ জুন) সকালে রাজধানীর রবীন্দ্র সরোবরে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে আজ থেকেই দেশব্যাপী মাইকিংসহ ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম শুরু হচ্ছে। তিনি বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়াই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।’
সচেতনতার পরও কেউ অবহেলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন মন্ত্রী। তিনি বলেন, ‘যেখানেই এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেখানেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানা করা হবে।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, ফুলের টব, ড্রেন ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ডিএসসিসির জরিপে ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৮টিকে ডেঙ্গুর জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় আগামীকাল রোববার থেকে এক সপ্তাহের বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ পরিচালনা করা হবে।
তিনি বলেন, ডেঙ্গুর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে প্রধানমন্ত্রী আগেই সতর্ক করেছিলেন। সেই নির্দেশনার আলোকে সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ধানমন্ডি সোসাইটি এবং স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালিতে অংশ নেন।