EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে যুবদল নেতাসহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:০৯ পিএম

ঠাকুরগাঁওয়ে যুবদল নেতাসহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
অ অ

ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় বিদেশি মুদ্রা কেনাবেচার নামে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে স্থানীয় যুবদলের এক নেতাও রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে বিদেশি মুদ্রা, নগদ অর্থ, মোবাইল ফোন এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ৫ নম্বর শুখানপুকুরী ইউনিয়নের বাং রোড সুইসগেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—শুখানপুকুরী ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. হাবিবুর রহমান ওরফে হবি (৪৫), মো. মানিক হোসেন (৪৩), মো. আশরাফুল ইসলাম (৪৭), মো. মনোয়ার হোসেন (৪০) এবং মো. মোখলেছ (৪৮)।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, বিদেশি ডলার ক্রয়-বিক্রয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে চক্রটির সদস্যরা ওই এলাকায় অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী হিসেবে রয়েছেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট শাখার অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার মো. জুবায়েত জাহিদ (৪৪), একই শাখার পিয়ন মো. আজাহার আলী (৫৪) এবং মো. গোলাম মোস্তফা (৫৫)। তারা সবাই নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাসিন্দা।

ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিদেশি ডলার, সাতটি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার ৫০০ টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।’

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া আলামত ও নথিপত্র যাচাই-বাছাই করে চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশের দাবি, বিদেশি মুদ্রা কেনাবেচার নামে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল চক্রটির মূল উদ্দেশ্য। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন