গোমস্তাপুর সীমান্তে পুশ-ইন নিয়ে উত্তেজনা, জড়ো করা লোকজন সরিয়ে নিল বিএসএফ
ডেইলি সান রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:৪৭ পিএম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে পুশ-ইনের জন্য জড়ো করা লোকজনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তের ভেতরে আরও প্রায় ৫০ গজ অভ্যন্তরে সরিয়ে নিয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করেন ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)-এর সহকারী পরিচালক রবিউল ইসলাম।
বিজিবি সূত্রে জানা যায়, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ঘুঘিয়া-আনারপুর সীমান্ত এলাকায় কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে রাখা হয়েছিল। তাদের বাংলাদেশে পুশ-ইনের আশঙ্কা দেখা দিলে বিজিবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ শুরু করে।
রবিউল ইসলাম জানান, শুক্রবার সকালে ওই সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বিএসএফ জানিয়েছে, তারা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় রয়েছে।
এদিকে সম্ভাব্য পুশ-ইন ঠেকাতে বৃহস্পতিবার রাতে গোমস্তাপুর উপজেলার পাঁচটি সীমান্ত এলাকায় স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে টহল ও নজরদারি জোরদার করে বিজিবি। সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে বৃহস্পতিবার ভোরে একই সীমান্ত দিয়ে ২৮ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা সফল হয়নি।
সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি ও স্থানীয় প্রশাসন নিবিড় নজরদারি অব্যাহত রেখেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আন্তর্জাতিক সীমান্ত আইন ও প্রচলিত নিয়মের বাইরে কোনো ধরনের পুশ-ইন কার্যক্রম গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের উদ্যোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।