খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, কসবাজুড়ে শোক
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৯:৪০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় খেলতে গিয়ে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার মূলগ্রাম ও কায়েমপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, বেলা ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মানিক মিয়ার দুই বছর বয়সী ছেলে সাফুয়ান বাড়ির আঙিনায় খেলছিল। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি জলাশয়ে শিশুটিকে ভাসতে দেখা যায়।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে আসে।
অন্যদিকে, বেলা সাড়ে ১১টার দিকে কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে জিসান (৪) ও ঝুমা আক্তার (৫) নামের দুই শিশু পাশের জমিতে জমে থাকা বর্ষার পানিতে পড়ে যায়। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
ঘটনাটি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধারে এগিয়ে যান। পরে প্রতিবেশীদের সহায়তায় দুই শিশুকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, ঝুমা আক্তারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, দুটি ঘটনার বিষয়ে পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাগুলোর খোঁজখবর নিচ্ছে।
একই দিনে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যুতে কসবাজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।