EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সোনার কলসের লোভে বলি গৃহবধূ, কথিত তান্ত্রিক গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:২১ পিএম

সোনার কলসের লোভে বলি গৃহবধূ, কথিত তান্ত্রিক গ্রেপ্তার
অ অ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গৃহবধূ নাসিমা আক্তার (৩৬) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ‘সোনার কলস’ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং প্রতারণা করে অর্থ আত্মসাৎ করতেই ওই গৃহবধূকে শ্বাসরোধে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামসুল হক (৫২) নামের এক কথিত তান্ত্রিককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) রাতে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।

গ্রেপ্তার শামসুল হক হরিপুর উপজেলার টেংরিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি এলাকায় কবিরাজ ও তান্ত্রিক হিসেবে পরিচিত। অন্যদিকে নিহত নাসিমা আক্তার রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও গ্রামের আবদুল্লাহর স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

যেভাবে হত্যাকাণ্ডের সূত্রপাত

পুলিশ জানায়, গত ১ জুন সকালে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ফজিলপুর এলাকার একটি নির্জন সড়কের পাশ থেকে হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ অবস্থায় নাসিমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ২০ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত শামসুল হককে আটক করে পুলিশ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন জানান, নাসিমা আক্তার প্রায় এক বছর ধরে কথিত তান্ত্রিক শামসুল হকের কাছে যাতায়াত করছিলেন। শামসুল হক তাকে ‘সোনার কলস’ (গুপ্তধন) পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে প্রায় ৩০ হাজার টাকা হাতিয়ে নেন।

পুলিশের তদন্তে জানা যায়, ঘটনার রাতে গুপ্তধন দেওয়ার কথা বলে নাসিমাকে ফজিলপুর গ্রামের ওই নির্জন স্থানে নিয়ে যান শামসুল হক। সেখানে গিয়ে কোনো গুপ্তধন না পেয়ে নাসিমা ক্ষুব্ধ হন এবং তান্ত্রিককে চাপ দিতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে শামসুল হক ‘জাদু-টোনার’ ভুয়া আচার-অনুষ্ঠানের নাটক সাজান। তিনি একটি রশির দুই প্রান্তে বাঁশের কঞ্চি বেঁধে নাসিমার চারপাশে দাগ কাটেন এবং সুযোগ বুঝে ওই রশি দিয়েই নাসিমার গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করেন।

ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা

পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডটি ধামাচাপা দিতে এবং ভিন্নখাতে প্রবাহিত করতে শামসুল হক একটি জ্বলন্ত সিগারেটের কাঠি নাসিমার মরদেহের দিকে ছুড়ে মারেন। এতে নাসিমার বোরকা ও শরীরের কিছু অংশ পুড়ে যায়। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে শামসুল হক হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

মামলার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। 

সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন