EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

হবিগঞ্জ-সিলেট রুটে পরিবহন ধর্মঘট ১২ জুন পর্যন্ত স্থগিত

ডেইলি সান রিপোর্ট, হবিগঞ্জ

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:৫৩ এএম

হবিগঞ্জ-সিলেট রুটে পরিবহন ধর্মঘট ১২ জুন পর্যন্ত স্থগিত
অ অ

হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে ঘোষিত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আগামী ১২ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) রাত ৯টায় হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছের অনুরোধে ধর্মঘট কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবহন মালিক ও শ্রমিক নেতারা অভিযোগ করেন, হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চললেও এখনো কার্যকর কোনো সমাধান হয়নি। গত ১৬ মে এ দাবিতে হবিগঞ্জে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হলে পুলিশ প্রশাসনের অনুরোধে তা প্রত্যাহার করা হয়। পরে হবিগঞ্জের পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শেরপুর স্টপেজ ব্যবহারের বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করা হলেও মৌলভীবাজারের সংশ্লিষ্ট পক্ষ তা প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন তারা।

নেতারা জানান, প্রায় ৫৩ বছরের পুরোনো পরিবহন সেবাটি গত ১৪ দিন ধরে বন্ধ থাকায় প্রায় ৬০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। এতে শ্রমিক ও তাদের পরিবার মানবিক সংকটের মুখে পড়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২৩ মে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের আহ্বায়ক আলহাজ মো. ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ২ জুনের মধ্যে হবিগঞ্জের বাসগুলোকে মৌলভীবাজার হয়ে সিলেট চলাচলের সুযোগ নিশ্চিত করা না হলে ৩ জুন সকাল ৬টা থেকে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হবে।

তবে সর্বশেষ আলোচনা ও সমঝোতার প্রেক্ষাপটে ধর্মঘট কর্মসূচি আগামী ১২ জুন পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলো সমস্যার গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন মালিক ও শ্রমিক নেতারা।

আরও পড়ুন