EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রামিসা হত্যা মামলায় ১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০১:৩৬ পিএম

রামিসা হত্যা মামলায় ১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ
অ অ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চার্জশিটভুক্ত ১৭ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এসব সাক্ষ্য গ্রহণ করা হয়।

ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার বাদী ও ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লার সাক্ষ্যের মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। পরে পর্যায়ক্রমে সাক্ষ্য দেন ভুক্তভোগীর মা পারভীন আক্তার, বড় বোন রাইসা আক্তার, ফুপু মাহমুদা আক্তার, চাচা মিজানুর রহমান লিটন, চতুর্থ তলার বাসিন্দা মনির হোসেন, প্রতিবেশী জাকিরুল ইসলাম রাজু, দ্বিতীয় তলার বাসিন্দা শেখ আবু সামা, ফুপা মনিরুজ্জামান শাহীন এবং কনস্টেবল রোমা আক্তার।

সাক্ষীদের জবানবন্দি গ্রহণ শেষে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মুসা কলিমউল্লাহ তাদের জেরা করেন। পরে আদালত দুপুর দেড়টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। বিরতির পর পুনরায় সাক্ষ্যগ্রহণ কার্যক্রম চালানোর কথা রয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ বলেন, মামলার সব সাক্ষী আদালতে উপস্থিত রয়েছেন। সময় অনুকূলে থাকলে মঙ্গলবারই অবশিষ্ট সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে।

এদিকে সকাল পৌনে ৯টার দিকে মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এবং অপর আসামি তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। সাক্ষ্যগ্রহণ শুরুর আগে দুই আসামিকে আদালতের এজলাসে হাজির করা হয়।

আরও পড়ুন