EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রামিসা ধর্ষণ-হত্যা মামলা

আদালতের বাইরে আসামির বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০১:২৮ পিএম

আদালতের বাইরে আসামির বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা
অ অ

আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকাবস্থায় কোনো আসামির বক্তব্য দেওয়া এবং সেই বক্তব্য গণমাধ্যমে প্রচার না করতে নির্দেশ দিয়েছেন আদালত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলার শুনানিকালে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২ জুন) এ নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু আদালতে আবেদন করে বলেন, আইন অনুযায়ী বিচারকের সামনে ছাড়া পুলিশ হেফাজতে থাকা কোনো আসামির বক্তব্য দেওয়ার এখতিয়ার নেই। এ বিষয়ে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। পুলিশি হেফাজতে থাকা বা দণ্ডিত আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করাও প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার পরিপন্থী।

তিনি আরও বলেন, বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা, জনমত প্রভাবিত হওয়া রোধ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা প্রয়োজন। পরে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেন।

এদিকে একই দিন সকাল ১০টা ৪০ মিনিটে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার বাদী ও ভুক্তভোগী রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা প্রথম সাক্ষ্য দেন। পরে সাক্ষ্য দেন রামিসার মা পারভীন আক্তার। রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মূসা কলিমউল্লাহ তাদের জেরা করেন।

পরবর্তীতে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে ভুক্তভোগীর বড় বোনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আদালত নতুন তারিখ নির্ধারণ করবেন।

আরও পড়ুন