বাড়ছে যমুনার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
এ ছাড়া যমুনার অরক্ষিত অঞ্চলগুলোতে ভাঙন আতঙ্কে রয়েছে নদীতীরের বাসিন্দারা
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০১:৩৮ এএম
ছবি: সংগৃহীত
উজানের ঢল ও প্রবল বৃষ্টির কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ ও কাজিপুর— উভয় পয়েন্টেই নদীর পানি উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। পানি বৃদ্ধির ফলে যমুনার চরাঞ্চলের অভ্যন্তরীণ নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করেছে। এ ছাড়া যমুনার অরক্ষিত অঞ্চলগুলোতে ভাঙন আতঙ্কে রয়েছে নদীতীরের বাসিন্দারা।
উজানের ঢল ও প্রবল বৃষ্টির কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ ও কাজিপুর—উভয় পয়েন্টেই নদীর পানি উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। পানি বৃদ্ধির ফলে যমুনার চরাঞ্চলের অভ্যন্তরীণ নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করেছে। একই সঙ্গে অরক্ষিত অঞ্চলগুলোতে তীব্র নদীভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীতীরের বাসিন্দারা।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ৩২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই পয়েন্টে পানি বিপৎসীমার (১২.৯০ মিটার) ২৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে, কাজিপুর পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৩৬ সেন্টিমিটার। বর্তমানে এই পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার (১৪.৮০ মিটার) ৩৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি এখনো বিপৎসীমার বেশ নিচে থাকলেও চরাঞ্চলের নিচু এলাকাগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে।
কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক আবদুর রাজ্জাক জানান, গত কয়েক দিনে যমুনার পানি অনেক বেড়েছে। এতে চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হলেও এখনো ফসলের ক্ষয়ক্ষতি হয়নি। তবে পানি আর দু-এক দিন বাড়তে থাকলে ইরি ধান, পাট, তিল, মরিচ, বেগুনসহ সবজির ক্ষতি হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকলেসুর রহমান জানান, উজানে প্রবল বৃষ্টির কারণে যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে। হয়ত আরও দু-এক দিন বাড়বে তারপর কমার সম্ভাবনা রয়েছে। নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হলেও ভাঙন আতঙ্কের কিছু নেই।