EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পানিতে ডুবে একদিনে পর্যটকসহ ১৩ জনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক তিনটি ঘটনায় পুকুর ও নদীর পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১২:২০ এএম

পানিতে ডুবে একদিনে পর্যটকসহ ১৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

অ অ

সারাদেশে আবারও ভয়াবহ রূপ নিয়েছে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা। সোমবার (১ জুন) মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে পর্যটক ও শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল কুমিল্লার চৌদ্দগ্রামেই ৬ ঘণ্টার ব্যবধানে প্রাণ হারিয়েছে ৩ শিশু। এছাড়া সিলেট, কক্সবাজার, পঞ্চগড়, গাইবান্ধা, শেরপুর ও নেত্রকোনায় পৃথক দুর্ঘটনায় আরও ১০ জন মারা গেছেন।

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক তিনটি ঘটনায় পুকুর ও নদীর পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো— চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমানের ছেলে আয়ান (১২), কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের ফরহান ইবনে মোস্তফার ছেলে মোহাম্মদ (২) এবং মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মো. হাসানের ছেলে শাহাদাত (৬)। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল এই তথ্য নিশ্চিত করেছেন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ের পিয়াইন নদীতে ডুবে ইমতিয়াজ হোসেন রাহি (১৬) নামে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার পিয়াইন নদীর নাজিমগড় নৌকাঘাটসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাহি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ আবীরের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে সৈকতের সমিতি পাড়া পয়েন্টে তার মরদেহ ভেসে ওঠে। এর আগে রবিবার দুপুরে সি-গাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয়েছিলেন তিনি।

পঞ্চগড়ের সদর উপজেলার চাকলাহাটে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। আসিফ (১১) ও সাথী আক্তার (৯)। চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে সৃজন কুমার (৬) ও বিন্দা রানী (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সৃজন কুমার ওই গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে এবং বৃন্দা রানী বিধান চন্দ্র দাসের মেয়ে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে গতকাল দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু হলো- উপজেলার ৫ নম্বর গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. হানাজালা (৯) ও একই গ্রামের নেকাবর আলীর ছেলে মো. সিদ্দিক মিয়া (৬)।

ঈদে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে খালা ও ভাগ্নির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বিষমপুর গ্রামের চিকনি বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ময়মনসিংহের তারাকান্দা উপজেলার জামিলা আক্তার (৩০) এবং গৌরীপুর উপজেলার নুসরাত (৮)। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নৌকাডুবির বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন