গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা ছিল ঐতিহাসিক: কৃষিমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, কুমিল্লা
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৪:০৭ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: সংগৃহীত
দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংকটময় সময়ে জাতিকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ছিল ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেন, জিয়াউর রহমানের জীবনাদর্শ, সততা ও জনগণমুখী রাজনীতি আজও দেশের মানুষের কাছে অনুকরণীয়।
শনিবার (৩০ মে) কুমিল্লা মহানগরীর শিল্পকলা একাডেমিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জিয়াউর রহমান জাতির প্রতিটি দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সংকটকালে জনগণের পাশে দাঁড়িয়ে জাতির হাল ধরেছেন। তাঁর প্রতিষ্ঠিত রাজনৈতিক আদর্শের অনুসারীদের আচরণ, দায়িত্ববোধ ও সেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।
তিনি বলেন, জনগণ একটি সৎ, দায়িত্বশীল ও কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনার প্রত্যাশায় বিএনপি সরকারকে দায়িত্ব দিয়েছে। সেই প্রত্যাশা পূরণে রাজনৈতিক কর্মীদের আরও সংযমী, দায়িত্বশীল এবং জনগণের প্রতি জবাবদিহিমূলক আচরণ করতে হবে।
সমাজে মাদক, কিশোর অপরাধ, সামাজিক বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে একটি অসৎ চক্র সক্রিয় রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যুবসমাজকে বিপথগামী করার অপচেষ্টা রোধে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ জন্য তিনি বিভিন্ন পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রশাসনকে সহযোগিতার লক্ষ্যে সহায়ক কমিটি গঠনের প্রস্তাব দেন।
তিনি আরও বলেন, সরকার ও দলের নাম ব্যবহার করে কেউ যাতে অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণ আশা ও বিশ্বাস নিয়ে বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে, তাই এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যাতে সরকার বা দল বিতর্কিত হয়।
কৃষি ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনকালে দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় নিয়ে কাজ করে যেতে চান। এ জন্য তিনি সৎ, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে দায়িত্ব পালনে সবার দোয়া কামনা করেন।
বক্তব্যে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি বলেই দেশ-বিদেশে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকিতে মাঠপর্যায়ে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এতে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।