কাজিপুরে নাটুয়ারপাড়া কে. বি. উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যালামনাই কমিটি
সুফি সেলিম রেজা সভাপতি, ফরিদুল ইসলাম সম্পাদক
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১০:১৯ পিএম
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নাটুয়ারপাড়া কে. বি. বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৯ মে) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ ‘পিটুলি উৎসব’ ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে ১৯৯৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সুফি মোহাম্মদ সেলিম রেজা সভাপতি এবং ২০০৪ ব্যাচের প্রকৌশলী মো. ফরিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে ২০০২ ব্যাচের ডাক্তার মো. সেলিম রেজা (বাবু) সিনিয়র সহ-সভাপতি এবং ১৯৯৯ ব্যাচের মো. নাঈম সিদ্দিকী (রাজিব) কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী নাটুয়ারপাড়া কে. বি. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন, ঐক্য এবং সহযোগিতার ভিত্তি মজবুত করার লক্ষ্যে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। সম্প্রতি বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলাকে কেন্দ্র করে গত ২৪ মার্চ ২০২৬ তারিখে এই সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রাক্তন শিক্ষার্থীদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্মে একত্রিত করা, সবার মাঝে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত নেটওয়ার্ক সুদৃঢ় করাই এই অ্যাসোসিয়েশনের অন্যতম প্রধান কাজ। এর পাশাপাশি বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদানসহ প্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত ও শিক্ষাগত মানোন্নয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে অবদান রাখাই এই সংগঠনের মূল লক্ষ্য।
নতুন কমিটি ঘোষণার পর বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।