কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি
প্রধানমন্ত্রীর নির্দেশে সিটি করপোরেশনের দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৮:৪৬ পিএম
কোরবানির পশুর বর্জ্য অপসারণে গাফিলতি ও আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপ সচিব) তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের।
শুক্রবার (২৯ মে) বিকেলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজধানীর হাতিরপুল ও এলিফ্যান্ট রোডে এবং গ্রীনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনের সময় তাদের দু’জনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
আঞ্চলিক কর্মকর্তা দুজন হলেন– ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপ সচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।
এর আগে শুক্রবার বিকেলে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে নগরীর বিভিন্ন রুট ঘুরে দেখেন।