কুয়াকাটায় বাড়তে শুরু করেছে পর্যটক সমাগম
ডেইলি সান রিপোর্ট, পটুয়াখালী
প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৭:১৭ পিএম
ঈদুল আজহার ছুটির দ্বিতীয় দিনে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার ঈদের দিন পর্যটকদের তেমন একটা দেখা না মিললেও আজ শুক্রবার দুপুর থেকে সৈকতে ঢল নেমেছে দর্শনার্থীদের। সমুদ্রের বিশাল ঢেউয়ের গর্জন আর সাগরের লোনা জলে মেতে উঠেছেন তারা।
সরেজমিনে দেখা যায়, অনেকে প্রিয়জনের হাত ধরে সৈকতের একপ্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন। অনেকে সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। শিশু পর্যটকরা মেতেছেন বালু খেলায়।
শুধু জিরো পয়েন্টই নয় তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউ বন ও গঙ্গামতিসহ সব পর্যটন স্পটেই বাড়তে শুরু করেছে পর্যটকের সংখ্যা। তবে বর্তমানে পর্যটক কিছুটা কম থাকলেও রাত থেকে লাখো পর্যটকের সমাগমের আশা করছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মাগুরা থেকে আসা পর্যটক সোনিয়া-শফিকুল দম্পত্তি বলেন, আমরা ঈদের ছুটি উপভোগ করতে কুয়াকাটা এসেছি। গত দুই বছর আগেও আমরা কুয়াকাটা এসেছিছিলাম। তখন ব্যাপক লোকজন ছিল। এবছর মানুষের সংখ্যা একটু কম হলেও দারুণ লাগছে। সমুদ্রের বড় বড় ঢেউ এবং গর্জন আমাদের আকৃষ্ট করেছে। বারবার এখানে আসতে মন চায়।
খুলনা থেকে আসা পর্যটক সোহেল আহসান বলেন, আমরা বন্ধুরা মিলে কুয়াকাটায় এসেছি। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সাঁতার কেটেছি। এ এক অন্যরকম অনুভূতি। যেটা ভাষার প্রকাশ করা যাবে না। সমুদ্রের অনেক বড় বড় ঢেউ আমাদের মন কাড়ছে। মন চায় অনেকদিন কুয়াকাটায় থাকি। তবে সময় না থাকায় আগামীকালই যেতে হবে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তায় সৈকতের জিরো পয়েন্টের বক্সে সার্বক্ষণিক একটি টিম দায়িত্ব পালন করছে। এছাড়া বিভিন্ন পর্যটন স্পটে আমাদের টহল টিম মোতায়েন রয়েছে। আশা করছি পর্যটকরা স্বাচ্ছন্দ্যে তাদের ভ্রমণ উপভোগ করতে পারবে।