EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রামনগর বাজারে চামড়ার দামে ধস, হতাশ বিক্রেতারা

ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৯:৪৩ পিএম

রামনগর বাজারে চামড়ার দামে ধস, হতাশ বিক্রেতারা
অ অ

দিনাজপুরের একমাত্র চামড়ার বাজার রামনগরে কোরবানির পশুর চামড়া উঠতে শুরু করেছে। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রেতারা হতাশ। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দরপতন, সংরক্ষণ সমস্যা ও বকেয়া টাকার সংকটে তারাও লোকসানের মুখে আছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে গরু ও ছাগলের চামড়া নিয়ে রামনগর বাজারে আসেন মৌসুমি ব্যবসায়ীরা। বাজারে ক্রেতা থাকলেও দাম নিয়ে চলছে চরম অসন্তোষ।

মৌসুমি ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘গ্রাম থেকে যে গরুর চামড়া ৮০০ থেকে ১০০০ টাকায় কিনেছি, বাজারে সেটার দাম উঠছে মাত্র ৪০০ থেকে ৫০০ টাকা। এতে আমাদের বড় লোকসান হচ্ছে।’

আরেক বিক্রেতা আজমল হোসেন বলেন, ‘ছাগলের চামড়ার কোনো দামই নেই। প্রতি পিস ৫ থেকে ১০ টাকা বলা হচ্ছে। এতে চামড়া বহনের শ্রমিক খরচও উঠছে না।’

ব্যবসায়ীরা জানান, ভালো মানের বড় গরুর চামড়ার কিছুটা চাহিদা আছে। উন্নত মানের কিছু চামড়া সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে সার্বিক বাজার পরিস্থিতি বেশ খারাপ।

চামড়া ব্যবসায়ী নুর ইসলাম বলেন, ‘আগের বছরের বকেয়া টাকা এখনো পাইনি। পুঁজি সংকটের কারণে বেশি দামে চামড়া কেনা সম্ভব হচ্ছে না।’ 

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম কমেছে। পাশাপাশি লবণ দিয়ে চামড়া সংরক্ষণেও সমস্যা হচ্ছে।

চামড়া শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের কার্যকর পদক্ষেপ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আরও পড়ুন