মেট্রোরেল স্টেশনের নিচে অবৈধভাবে বসা পশুর হাট সরাল ডিএমপি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৯:০৮ পিএম
রাজধানীর উত্তরায় মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে অবৈধভাবে বসানো কোরবানির পশুর হাট উচ্ছেদ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ। তাৎক্ষণিক এই অভিযানের ফলে সড়কটি সম্পূর্ণ দখলমুক্ত হয়েছে এবং এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সবচেয়ে বড় এবং সর্বোচ্চ ইজারামূল্যের পশুর হাট বসেছে দিয়াবাড়িতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক ও নৌপথে বিপুলসংখ্যক কোরবানির পশু আসায় হাটটি ইতিমধ্যেই বেশ জমে উঠেছে। বিশেষ করে বড় আকৃতির গরুর সমাগম ক্রেতাদের মূল আকর্ষণের কেন্দ্রে রয়েছে।
তবে হাটের নির্ধারিত সীমানা পেরিয়ে মূল সড়ক ও মেট্রোরেল স্টেশনের নিচে পশু বেঁধে রাখায় গত কয়েকদিন ধরে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। জনসাধারণের ভোগান্তি চরমে পৌঁছালে দ্রুত এক কঠোর পদক্ষেপ গ্রহণ করে ডিএমপির উত্তরা বিভাগ।
অভিযান চালিয়ে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে সব পশু সরিয়ে দেওয়া হয় এবং ট্রাফিক ডাইভারশনের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করা হয়।
অভিযান শেষে উত্তরা বিভাগীয় পুলিশের পক্ষ থেকে হাটের ইজারাদারকে ঘটনাস্থলে তলব করে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, মূল সড়কে কোনো অবস্থাতেই হাট বসানো বা পশু রাখা যাবে না।
এই নির্দেশ অমান্য করে পুনরায় সড়ক দখল করার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে ভারী জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঈদের সময় পশুর হাটের শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির এই নজরদারি ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।