ছুটির মধ্যে সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা
এদিন সরানো হয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনকে। তাকে সংযুক্ত করা হয়েছে জনপ্রশাসন বিভাগে...
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১২:২৭ এএম
ছবি: সংগৃহীত
কোরবানির ঈদের ছুটির মধ্যেই জনপ্রশাসনে বড় রদবদল করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। একই সঙ্গে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে।
গত ১৭ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে মন্ত্রণালয়টি সচিবশূন্য হয়ে পড়ে। এক মাস ১০ দিনের শূন্যতার অবসান ঘটিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে পদোন্নতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীকে পদোন্নতি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলাকে সচিব পদে পদোন্নতি দিয়ে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় কমিশনের চেয়ারম্যান মইনুল খান স্বেচ্ছা অবসরে যাওয়ার পর থেকে সংস্থাটির সদস্য মো. আব্দুল গফুর অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনকে সরিয়ে জনপ্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে বিভাগটির অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেয়েছেন।
গত ১৭ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে জনপ্রশাসনে রদবদলের ধারা অব্যাহত রয়েছে। পদোন্নতির পাশাপাশি প্রশাসন ও পুলিশে বেশ কিছু কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অনেকে আবার স্বেচ্ছায় অবসর নিয়েছেন। সোমবারের আদেশ সেই ধারারই ধারাবাহিকতা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।