EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঈদের আগে রাঙামাটিতে জমজমাট ভাসমান পশুর হাট

সরবরাহ কম, দাম বেশি— ক্রেতাদের ভরসা এখন ভাসমান বোটের হাট

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১১:২৩ পিএম

ঈদের আগে রাঙামাটিতে জমজমাট ভাসমান পশুর হাট

ছবি: সংগৃহীত

অ অ

ঈদুল আজহা সামনে রেখে রাঙামাটি শহরের পশুর হাটে জমে উঠেছে কেনাবেচা। তবে গরুর সরবরাহ তুলনামূলক কম থাকায় দাম বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এবার হাটে ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে পাহাড়ি দেশি গরু।

হাটের পাশাপাশি এবার ভাসমান বোটে গরু বিক্রির প্রবণতা বেড়েছে। বিক্রেতারা হাটের বদলে বোটেই গরু রেখে বিক্রি করছেন। ক্রেতারাও বোট ঘুরে ঘুরে পছন্দমতো গরু কিনছেন।

রাঙামাটির সুবলং থেকে গরু বিক্রি করতে আসা মঙ্গল কুমার চাকমা বলেন, ‘আমার বোটে ১৩টি গরু নিয়ে সকালে এসেছি। এর মধ্যে ৪টি গরু বিক্রি হয়ে গেছে। আশা করছি আজ অথবা কালকের মধ্যে সব গরু বিক্রি হয়ে যাবে।’

লংগদু উপজেলার মাইনী থেকে আসা মো. রফিক উদ্দিন জানান, হাটে স্টল ভাড়া বেশি হওয়ায় তিনি ৯টি গরু বোটেই রেখেছেন। এর মধ্যে এরই মধ্যে ২টি বিক্রি হয়েছে।

শহরের বনরুপা এলাকার ক্রেতা মো. আকবর আলী খান বলেন, ‘হাটের চেয়ে বোটেই গরু বেশি। হাটের কাছে হওয়ায় ঘুরে ঘুরে যাচাই-বাছাই করে কেনার সুবিধা আছে।’

শহরের ভেদভেদী এলাকার বাসিন্দা মো. মোবারক হোসেন বলেন, ‘বোট ঘুরে পছন্দমতো গরু পেয়েছি। তবে মাঝারি সাইজের গরুর দাম এ বছর বেশি। যেটা কিনেছি দাম পড়েছে ৮৯ হাজার টাকা।’

হাটের ইজারাদার রবিউল হোসেন বাবলু জানান, হাটে বড় সাইজের ‘রয়েল’ ও ‘কালা পাহাড়’ নামের দুটি গরু উঠেছে, যার দাম উঠেছে ৬ লাখ টাকার ওপরে। বর্তমানে হাটে প্রায় এক হাজার গরু ও ছাগল রয়েছে।

তিনি আরও বলেন, ‘ভাসমান বোটের গরুগুলো মানুষ বেশি দেখছে। তবে আমরা সব গরু হাটে নিয়ে আসার চেষ্টা করছি। মানুষের সুবিধার জন্য সব ধরনের চেষ্টার কমতি রাখছি না।’

রাঙামাটি জেলা প্রাণিসম্পদ অফিসের তথ্য অনুযায়ী, কোরবানির ঈদ সামনে রেখে জেলার ১০ উপজেলায় মোট ১৯টি পশুর হাট বসেছে। জেলায় কোরবানির জন্য গরুর চাহিদা রয়েছে ৪৪ হাজার, আর প্রস্তুত রয়েছে ৫৩ হাজার গরু। অর্থাৎ চাহিদার চেয়ে সরবরাহ বেশি থাকলেও স্থানীয় হাটে সরবরাহ কম দেখাচ্ছে বলে ক্রেতাদের অভিযোগ।

আরও পড়ুন