EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঈদযাত্রা

সাভার-আশুলিয়ায় গাড়ির চাপ, ধীরগতি ও যানজটে ভোগান্তি

ডেইলি সান রিপোর্ট, সাভার

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৭:৩৫ পিএম

সাভার-আশুলিয়ায় গাড়ির চাপ, ধীরগতি ও যানজটে ভোগান্তি
অ অ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। এতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। আজ সোমবার বিকেলের পর থেকে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও ইপিজেড-আব্দুল্লাহপুর সড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহন থেমে থেমে চলতে দেখা গেছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। ফলে ঈদযাত্রার শুরুতেই ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ।

সরেজমিনে দেখা যায়, সাভারের হেমায়েতপুর, গেন্ডা, পাকিজা, রেডিও কলোনি, নবীনগর ও বাইপাইল এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। বিশেষ করে গরুর ট্রাক ও দূরপাল্লার বাসের চাপ বেড়ে যাওয়ায় যান চলাচল ধীর হয়ে পড়ে।

তবে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের অতিরিক্ত ৬৫০ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি ট্রাফিক পুলিশ, কমিউনিটি পুলিশ, স্কাউট ও নিরাপদ সড়ক চাই-এর সদস্যরাও গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, সড়কে কোনো যানবাহন দুর্ঘটনার শিকার হলে বা বিকল হয়ে পড়লে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য রেকার প্রস্তুত রাখা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন স্থানে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো এবং ব্যাটারিচালিত অটোরিকশার কারণে যান চলাচলে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। বিশেষ করে পাকিজা ইউটার্ন, গেন্ডা ইউটার্ন, রেডিও কলোনি, নবীনগর ও বাইপাইল এলাকায় মূল সড়কের লেন দখল করে বাস দাঁড় করানোয় মুহূর্তেই দীর্ঘ যানজট তৈরি হচ্ছে।

সাভারের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা জহির হোসেন বলেন, লোকাল ও দূরপাল্লার বাসগুলো মূল সড়কে আড়াআড়িভাবে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় দ্রুত গাড়ির লাইন পড়ে যায়। নিয়ম মেনে চললে যানজট অনেকটাই কমে আসবে।

অন্যদিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় চলমান ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের কারণে সড়কের কিছু অংশে খানাখন্দ তৈরি হয়েছে। ঈদ সামনে রেখে সেখানে সাময়িক সংস্কার করা হলেও যান চলাচলে ধীরগতি দেখা যাচ্ছে।

হানিফ পরিবহনের চালক দেওয়ান শরীফ বলেন, এখন পুরোপুরি ঈদের ছুটি শুরু হওয়ায় সড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে। অতিরিক্ত যাত্রীর কারণে ভোগান্তিও বাড়ছে।

এদিকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হলেও সাভার-আশুলিয়ার অধিকাংশ তৈরি পোশাক কারখানায় এখনো ছুটি পুরোপুরি শুরু হয়নি। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্যমতে, সোমবার থেকে পর্যায়ক্রমে অধিকাংশ কারখানায় ছুটি শুরু হবে। ফলে আগামী কয়েকদিনে মহাসড়কে যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন