EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গণসচেতনতামূলক সভায় সড়কমন্ত্রী

‘ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে’

ডেইলি সান রিপোর্ট, গাজীপুর

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৯:২৫ পিএম

‘ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে’
অ অ

আসন্ন ঈদুল আজহায় সারা দেশে সড়কপথে মানুষের যাতায়াত স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘ঈদযাত্রা যদি নিরাপদ, নির্বিঘ্ন ও যানজটমুক্ত হয়, সেটিই হবে আমাদের জন্য ঈদের সবচেয়ে বড় আনন্দ।’

রবিবার (২৪ মে) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকরণে এক গণসচেতনতামূলক সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; পরিবহন মালিক, শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা অবশ্যই বাইপাইল, এলেঙ্গা, চন্দ্রাসহ এই অঞ্চলে সুশৃঙ্খল ও নির্দ্বিধায় ঈদযাত্রা নিশ্চিত করবেন।’

তিনি বলেন, মহাসড়কের পাশে অস্থায়ী বাস কাউন্টার স্থাপন করে যানজট সৃষ্টি করা যাবে না। রাস্তার ওপর বাস রেখে যান চলাচলে বিঘ্ন ঘটানো থেকেও বিরত থাকতে হবে। ফিটনেসবিহীন যানবাহন কোনোভাবেই সড়কে নামানো যাবে না। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে।

সড়ক ও সেতুমন্ত্রী বলেন, সরকার পরিবহন সংশ্লিষ্টদের বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে আন্তরিক রয়েছে। তবে যাত্রীসেবার মান নিশ্চিত করা এবং জনগণের ভোগান্তি কমানোই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।

তিনি আশা প্রকাশ করেন, হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক, নিরাপদ ও যানজটমুক্ত।

গাজীপুর জেলা প্রশাসন ও বিআরটিএ গাজীপুর সার্কেল আয়োজিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহণ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। 

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ অন্যরা।

আরও পড়ুন